জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের নামে একাধিক দল মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে ইসলামের নাম ব্যবহার করে ‘ভেতরের ধোঁকাবাজি’ স্পষ্ট ছিল না।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, ‘ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একই ইসলাম আমি বলি, আরেকজন একই ইসলাম বলবে, মানুষ যাবে কোথায়? ইসলামের নামে যে ভেতরে ধোঁকাবাজি, সেটা নির্বাচনের আগে স্পষ্ট ছিল না।’
রেজাউল করিম আরও দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্যরা ইসলামের নাম ব্যবহার করলেও নিজেদের প্রকৃত ইসলামি দল হিসেবে পরিচয় দেওয়ার নৈতিক ভিত্তি নেই।
বক্তব্যে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আর কত দিন মায়ের কান্না শুনতে হবে, সন্তান গুলিবিদ্ধ হবে, স্ত্রী স্বামীকে হারাবে, নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হবে। আর কত দিন দেখব আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে। আর কত দিন মানুষ পাখির মতো রাস্তায় মরবে?’
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দলটি কখনো অপশক্তির সঙ্গে আপস করেনি। তাঁর ভাষায়, ‘সত্য ও ন্যায়ের পক্ষে ইসলামী আন্দোলন অতীতেও ছিল, এখনো আছে।’
নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এতে কেন্দ্রীয় শুরা সদস্য আতিকুর রহমান (নান্নু মুন্সি)সহ জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৪-২০২৬ মেয়াদের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করেন দলের আমির।
নতুন কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হিসেবে মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি হিসেবে মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মো. সুলতান মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে জেলা কমিটির সভাপতি হয়েছেন মো. আব্দুর রশিদ। সহসভাপতি হিসেবে ফারুক আহমেদ মুন্সি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

