গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালাল ডাকাতি মামলার আসামি

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১:৪১

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। সোমবার (২০ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক সম্রাট হোসেন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে বেলা আড়াইটার দিকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। বিচারিক কার্যক্রমের জন্য এজলাসে নেওয়ার পথে তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।

ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। পরে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।

ইত্তেফাক/আইএ