পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম এলাকায় একটি মাদ্রাসায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে পরিচালকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এদিকে একই অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আরও চারজনকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) গভীর রাতে আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে মাদ্রাসার পরিচালক মো. শরিফুলসহ চারজনকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন- শহিদুল ইসলাম, রবিন প্রধান ও আ. রহমান। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া পৃথক অভিযানে রিয়নকে ২০ দিন, আলাউদ্দিন ভুঁইয়াকে এক মাস এবং বিল্লাল হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর এক ব্যক্তিকেও মাদকসহ আটকের পর আদালত সাজা প্রদান করেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

