সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি পল

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৩:২৪

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের। ফাইনাল হারের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আর্জেন্টিনার ব্যর্থতার অপেক্ষায় থাকা সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন। 

আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের পতনের অপেক্ষায় ছিল, পুরো বিশ্বকাপ জুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্র গল্প ছড়িয়েছে শুধু এই কষ্টটা কমানোর জন্য যে, সব আর্জেন্টাইনরা যা অনুভব করছিল তা তারা নিজেরা অনুভব করতে পারছে না। 

ডি পল লেখেন, ‘আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের পতনের অপেক্ষায় ছিল, পুরো বিশ্বকাপ জুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্র গল্প ছড়িয়েছে শুধু এই কষ্টটা কমানোর জন্য যে, সব আর্জেন্টাইনরা যা অনুভব করছিল তা তারা নিজেরা অনুভব করতে পারছে না। কারণ আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পথচলা তাদের অসহ্য লাগে। কিন্তু এসবই প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুকে জয় করতে পারে।’

পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে রেফারিদের পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগ এবং দলটির খেলার ধরন ও উদযাপন নিয়ে নানা সমালোচনা হয়েছিল। ডি পলের এই বক্তব্যকে অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ফুটবলারদের উদ্দেশে বার্তা হিসেবে দেখছেন।

বিশ্বকাপ হারানোর গভীর হতাশাও প্রকাশ করেছেন ডি পল। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট এই যে আমরা বিশ্বকাপটা আবার আমাদের দেশে নিয়ে যেতে পারিনি। যদি কেউ সেই অনুভূতি আবার পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেটা তোমরাই (সমর্থকরা)। কিন্তু সময় যত যাচ্ছে, তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু একটি ট্রফির জন্য নয়। এই কঠিন সময় পার করার শক্তি আমি সেখান থেকেই নিচ্ছি।’ 

শেষে ডি পল আরও লিখেছেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।’

ইত্তেফাক/জেডএইচ