মারা গেছেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৩:৫৪

না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার কেভিন কিগান। সোমবার (২০ জুলাই) পরিবার ও সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিগান। ২০২৬ সালের জানুয়ারি মাসে তার অসুস্থতার কথা প্রথমে জানা যায়। পরবর্তীতে জুনে চিকিৎসকরা জানান, তিনি ক্যান্সারের চতুর্থ স্টেজে ছিলেন। 

কেভিন কিগান তার প্রজন্মে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও প্রভাবশালী ফরোয়ার্ড ছিলেন। ছোটখাটো গড়ন কিন্তু দুর্দান্ত গতি ও লড়াইয়ের মানসিকতার জন্য ভক্তরা তাকে ভালোবেসে ডাকতেন মাইটি মাউস।

লিভারপুলের জার্সিতে তিনি ৩টি ফার্স্ট ডিভিশন (বর্তমান প্রিমিয়ার লিগ) শিরোপা, ১টি এফএ কাপ, ২টি ইউয়েফা কাপ এবং ১৯৭৭ সালে তাদের প্রথম ইউরোপিয়ান কাপ জয় করেন।

Former England manager and two-time Ballon d'Or winner Keegan dies aged 75  | Football News | Al Jazeera

জার্মান লিগে খেলতে গিয়ে ১৯৭৯ সালে বুন্দেসলিগা জেতেন। সেখানে তিনি পরপর দুই বছর (১৯৭৮ ও ১৯৭৯) ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর অর্জন করেন। এছাড়া ইংল্যান্ডের হয়ে তিনি ৬৩ ম্যাচে ২১টি গোল করেন এবং ৩১টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেন।

খেলোয়াড়ি জীবনের পর কিগান নাম লেখান কোচিংয়ে। ১৯৯২ সালে নিউক্যাসেল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে তুলে আনেন এবং দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়ে বিশ্বজুড়ে সুনাম কুড়ান। পরবর্তীতে তিনি ইংল্যান্ড জাতীয় দল (১৯৯৯–২০০০), ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বও পালন করেন।

ইত্তেফাক/জেডএইচ