সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নতুন তথ্য সামনে এসেছে। ভিডিওতে থাকা মরিয়ম খাতুন নিজেকে ওই সংসদ সদস্যের স্ত্রী দাবি করলেও, তার একটি বায়োডাটায় বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) এক লিখিত বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ১৮ বছর বয়সী মরিয়ম খাতুন তার ‘দ্বিতীয় স্ত্রী’। তার ভাষ্য অনুযায়ী, গত ১৭ জুন পারিবারিকভাবে, প্রথম স্ত্রীর সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।
তবে মরিয়মের বায়োডাটায় দেখা গেছে, দাবিকৃত বিয়ের পাঁচ দিন পরও ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।
বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন তারিখে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে ‘জোর সুপারিশ করছি’। অথচ গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম খাতুনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ফলে বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দাবি করেন, ‘আমাদের বিয়ে হয়েছে গত ১৭ জুন পারিবারিকভাবে আমার প্রথম স্ত্রীসহ সবার সম্মতিতে বিয়ে হয়েছে। আমার দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার, তার বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। বর্তমানে ঢাকায় থাকেন।’

