অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনা সদস্যসহ ৩ জন আটক

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৭:৫১

রাখাইনে আরাকান আর্মির হাতে দীর্ঘ দুই বছর জিম্মি থাকার পর পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৩ নিরাপত্তা কর্মকর্তাকে আটক করেছে বিজিবি। টেকনাফ মডেল থানা পুলিশ হয়ে আদালতের আদেশে বর্তমানে তাদের কক্সবাজারে পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সীমান্ত দিয়ে পানির জারের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে তিনজন। এসময় সীমান্তে দায়িত্ব পালনরত টেকনাফ ২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের মধ্যে দু’জন মিয়ানমার পুলিশের সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এদিকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘আটক তিন জনের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের কক্সবাজারের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/এসএইচ