রাজশাহীতে নয় ঘণ্টা পর শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৮:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধর ও হেনস্তার ঘটনার প্রতিবাদে টানা ৯ ঘণ্টা রেললাইন অবরোধের পর আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অবরোধ তুলে নেওয়া হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং দিনের কয়েকটি ট্রেনের যাত্রা বাতিলও হতে পারে।

সময়সূচি বিপর্যস্ত হওয়া ট্রেনগুলোর মধ্যে আছে পদ্মা, বনলতা, সিল্কসিটি, মহানন্দা, বরেন্দ্র, কপোতাক্ষ, ঢালারচর, ধূমকেতু ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। এ ছাড়া মধুমতি, তিতুমীর ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়—

  • রেলওয়ের তিন সদস্য এবং বিভাগীয় কমিশনারের পাঁচ সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন।
  • গভীর রাতে রাজশাহীতে প্রবেশকারী তিনটি ট্রেনের বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা।
  • ট্রেনের সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের শাটল বাস চালু।
  • আহত শিক্ষার্থীর চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
  • আগামী ৬ আগস্ট অগ্রগতি পর্যালোচনায় পুনরায় সভা আয়োজন।

সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেটসংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

বৈঠকে অভিযুক্ত টিটিই সুমন আলী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেয়। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, দাবিগুলো মেনে নেওয়ায় তারা সন্তুষ্ট। সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি আশা করেন, এ সিদ্ধান্তে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ বলেন, শিক্ষার্থীদের চারটি দাবিই গ্রহণ করা হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং নিরাপত্তার স্বার্থে রাতের ট্রেনগুলোকে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, রেলওয়ে ও প্রশাসন ইতিবাচকভাবে দাবিগুলো গ্রহণ করেছে এবং তদন্তের মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান হবে।

উল্লেখ, সোমবার দিবাগত রাতে সিরাজগঞ্জ এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দুই টিটিই মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এসজেএস