চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ২৯২ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান।
শরিফুজ্জামান শরীফ বলেন, এ ধরনের শিক্ষাবৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গড়ার দায়িত্ব পালন করবে। তাই শিক্ষিত হওয়ার আগে সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. কে. এম সাইফুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা শিক্ষা অফিসার মো. আলিমুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আনিসা খানম।
সভা শেষে ২৯২ জন শিক্ষার্থীকে ১৮ লাখ ২৬ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে, ১০৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার টাকা, ১৬ জন প্রকৌশল শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার টাকা এবং ২২ জন মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

