সিরাজগঞ্জের কামারখন্দে চারটি বাসের সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মো. রেজাউল করিম।
নিহতরা হলেন- হানিফ পরিবহনের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের মাসুদ রানা (৪০), বাস সুপারভাইজার সদর উপজেলার আমিনুল (৪২) ও ফাইভ স্টার পরিবহনের চালক টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বেলায়েত হোসেন (৫০) ও বাসযাত্রী নাটোর সদর উপজেলার হাগুরিয়া গ্রামের বাসিন্দা মতিজান বেগম (৪৫)।
রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ি এলাকায় চার বাসের সংঘর্ষে ঘটনাস্থলে হানিফ পরিবহনের এক নারী যাত্রী ও ফাইভ স্টার পরিবহনের চালকের মৃত্যু হয়। সন্ধ্যায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় একটি বেসরকারি হাসাপাতালে নেওয়ার পথে হানিফ পরিবহনের সুপারভাইজার ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যান চালক।
ইত্তেফাক/আরকেজি
