মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৩:০৪

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা মামলায় ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব দিয়েছে মামলার উভয় পক্ষ। মঙ্গলবার (২১ জুলাই) আদালতে দাখিল করা এক যৌথ নথিতে মাদুরোর আইনজীবী ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটররা এ সময়সূচির প্রস্তাব দেন। 

আদালতের নথিতে মামলার পরবর্তী আইনি কার্যক্রমের সম্ভাব্য সময়সূচিও উল্লেখ করা হয়েছে। তবে বিচার কবে শুরু হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টেইন।

বুধবার (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) দুপুর ১২টায় মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই আদালতে যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব জমা দেন দুই পক্ষ।

নথিতে বলা হয়েছে, প্রয়োজনে ভবিষ্যতে এ সময়সূচি পরিবর্তনের আবেদন করতে পারবে উভয় পক্ষ। প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে মামলাটি খারিজের আবেদন দাখিল করতে পারবেন মাদুরোর আইনজীবীরা।

ধারণা করা হচ্ছে, ওই আবেদনে তারা যুক্তি দেবেন যে, মাদুরো একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান ছিলেন। তাই আন্তর্জাতিক আইনের আওতায় বিচার থেকে তিনি আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী এবং সেই ভিত্তিতে মামলাটি খারিজ করা উচিত।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, গোপন নথি পর্যালোচনার সুযোগ দেওয়ার পর আগামী ১১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফার আইনি আবেদন জমা দেবেন মাদুরো।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার শুরু হয়। আদালতে দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা সমাজতান্ত্রিক নেতা মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে ছিলেন। চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে প্রথম হাজিরার সময় তিনি নিজেকে ‘যুদ্ধবন্দী’ বলে দাবি করেন।

মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তিনি একজন দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক এবং তার সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনায় ভেনেজুয়েলা গভীর সংকটে পড়েছে। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পর ২০১৯ সাল থেকেই ওয়াশিংটন তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

বর্তমানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে রয়েছেন। সেখান থেকেই তারা মামলার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/এসজে