সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর চোখে গুরুতর জখম

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৩:৩৩

পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর আহত হয়েছে। প্রাথমিকভাবে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করা হচ্ছে।

আহত সাব্বির হোসেন (২২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আহত সাব্বিরকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। একটি পাথর সাব্বির হোসেনের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আঘাতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হন। তাঁকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আহত যাত্রীকে প্রথমে কামারখন্দ উপজেলার আলোকদিয়া খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএইচপি