চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ভারতীয়য় সীমান্তবর্তী এলাকায় আকন্দবাড়িয়া গ্রামে মাদক কারবারির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয়দের দেওয়ার তথ্য অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলাম এর স্ত্রী মোছা. রসিদা খাতুন (৫০) ও তার ছেলে জেল হক জিলান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দর্শনা এলাকায় বেশ কিছুদিন মাদক কারবার চালিয়ে আসছিলেন অভিযুক্তরা। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার নিষেধ করেছিলেন। কিন্তু সব বাধা উপেক্ষা করে মাদক কারাবার চালিয়ে আসছিলেন তারা। গত মঙ্গলবার রাতে তাদের হাতেনাতে ধরতে বাড়ির আশপাশে গোপনে অবস্থান নেন স্থানীয়রা। একপর্যায়ে ‘অপরিচিত কয়েকজন লোক’ মাদক কিনতে রসিদাদের বাড়িতে ঢুকেন।
এসময় তাদের হাতেনাতে আটক করে গ্রামবাসী তবে মাদক কিনতে আসা ওই লোকগুলো পালিয়ে যায়। পরে মা ও ছেলেকে খুঁটিতে বেঁধে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তাদের দুজনকে হেফাজতে নেয় পুলিশ এবং বুধবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
দামুড়হুদা থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের নামে বিভিন্ন ধরনের ২৩টি মামলা রয়েছে। তবে কিছু মামলা কোর্ট থেকে নিষ্পত্তি হয়েছে বলে শুনেছি। বুধবার দুপুরে মা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

