জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নান্দিনা লাহারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা বিল্লাল হোসেন। অপর ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত আরিফ চৌধুরী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে আসা জামালপুরগামী একটি অটোরিকশাকে নান্দিনা লাহিরীকান্দা এলাকায় পেছন থেকে চাপা দেয় একটি বাস। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত বিল্লালের ভাতিজা আরিফ বলেন, ‘আমার চাচা আজকে ময়মনসিংহে ছেলেকে দেখতে গিয়েছিলেন। পরে জামালপুরে বাড়িতে ফিরছিলেন। আমরা জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’
জামালপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুইজনের মৃত্যু হয়। আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

