বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে সংবর্ধনা, পদক বা বিলাসবহুল উপহারের প্রত্যাশা থাকতেই পারে। তবে স্পেনের দুই মিডফিল্ডার গাভি ও ফাবিয়ান রুইজ পেয়েছেন একেবারেই ব্যতিক্রমী উপহার—নিজেদের ওজনের সমান টমেটো।
বিশ্বকাপজয়ী এই দুই ফুটবলারকে নিজ শহরে সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সম্মাননা হিসেবে তাদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার দেওয়া হয়। স্থানীয় কৃষি ঐতিহ্যকে তুলে ধরতেই এ ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিনব এই সম্মাননা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে স্থানীয় সংস্কৃতি ও কৃষকদের প্রতি সম্মান জানানোর প্রতীকী উদ্যোগ হিসেবে দেখছেন।
বিশ্বকাপজয়ী স্পেন দলের খেলোয়াড়েরা রাজধানী মাদ্রিদে লাখো মানুষের সংবর্ধনা শেষ করে নিজ নিজ শহরে ফেরার পর স্থানীয় আয়োজনেও সম্মানিত হয়েছেন। আন্দালুসিয়ার ছোট্ট শহর লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা তাদের দুই বিশ্বকাপজয়ী সন্তান গাভি ও রুইজকে বরণ করে নিয়েছে নিজ শহরের সবচেয়ে গর্বের প্রতীক টমেটো দিয়ে।
সিটি কাউন্সিলের আয়োজনে দুজনকে প্রথমে দাঁড় করানো হয় ওজন মাপার যন্ত্রে। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় ঠিক সেই ওজনের সমান টমেটো। স্থানীয় সংবাদমাধ্যমের হিসাবে, দুই ফুটবলার মিলে পেয়েছেন প্রায় ১৪০ কেজি টমেটো। অবশ্য এটিই তাদের একমাত্র পুরস্কার নয়।
শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও বদলে তাদের নামে করার ঘোষণা এসেছে। মারিসমাস স্টেডিয়ামের নতুন নাম ‘ফাবিয়ান রুইজ’, আর সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নাম হয়েছে ‘পাবলো পায়েস গাভিরা (গাভি)’। এই দুই মাঠেই শৈশবে ফুটবলের হাতেখড়ি হয়েছিল তাঁদের।
লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা কিন্তু আগেও বিশ্বকাপজয়ীর দেখা পেয়েছে। ২০১০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন এখানকার সন্তান হেসুস নাভাস। তাকেও শরীরের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছিল। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, রুইজ ও গাভির নামে স্টেডিয়ামের পাশাপাশি নাভাসের নামে শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।
টমেটো দিয়েই কেন সংবর্ধনা
লস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ টমেটো উৎপাদনকারী এলাকা। এখানকার ‘বোম্বোন কোলোরাও’ জাতের টমেটো স্থানীয় পরিচয়ের অংশ বলেই ধরা হয়। তাই শহরের সবচেয়ে বড় অর্জনকারীদের সম্মান জানাতে এই টমেটোই প্রতীকী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এটি বিখ্যাত লা টোমাটিনা উৎসবের মতো টমেটো ছোড়াছুড়ির আয়োজন নয়, বরং কৃষিভিত্তিক ঐতিহ্য ও স্থানীয় পরিচয়কে উদ্যাপনের একটি স্বতন্ত্র রীতি।

