বুড়িগঙ্গা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯:১০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও নীল রঙের গেঞ্জি।

বুধবার (২২ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চরকালীগঞ্জ বড়ইতলা রহমান সাহেবের ডকসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, স্থানীয় লোকজন কচুরিপানার সঙ্গে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি চার থেকে পাঁচ দিন পানিতে ভাসমান অবস্থায় ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে হাত ও পায়ের চামড়া খসে গেছে। এ কারণে পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, গত ১৮ জুলাই করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাভার থেকে একটি পরিবার মর্গে এসে মরদেহটি শনাক্তের চেষ্টা করছে। তবে এটি তাদের নিখোঁজ স্বজনের মরদেহ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটির প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএইচপি