রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু, যোগাযোগ বন্ধ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৩:৪৪

মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভেঙে গেছে ​রাঙামাটির কাউখালী-রানীরহাট সড়কের একটি বেইলি সেতুর পাটাতন। ট্রাকটি এখনো সেখানে আটকে পড়ে আছে। এর ফলে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবারও সেতুটির পাটাতন ভেঙেছিল। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর পাটাতন মেরামত করলে গত মঙ্গলবার পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত এই বেইলি সেতুতে দুর্ঘটনা ঘটছে। সেতুতে পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ থাকলেও প্রশাসনের কোনো কথাই কর্ণপাত করছে অসাধু ইট পরিবহন ব্যবসায়ীরা।
রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ থাকলেও, ভোরে বা রাতে আধারে অধিক পরিমাণে ইট বোঝাই করে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নেওয়ার পর দ্রুততার সাথে ব্রিজের পাটাতন ঠিক করে সড়ক যোগাযোগ পুনঃ স্থাপনের কাজ করা হবে।

তিনি আরো জানান, এ বেইলি ব্রিজটি কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

এ ব্যাপারে রাঙ্গুনীয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আহসানের সাথে যোগাযোগের জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি|

উল্লেখ্য, কাউখালী-রানীরহাট সড়কের প্রায় ৮ কিলোমিটারের মধ্যে চারটি বেইলি সেতু রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। এর মধ্যে দুটিতে কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত ধীরগতির বলে অভিযোগ স্থানীয়দের।

ইত্তেফাক/এমএসআর