শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে কোনো আলোচনা নয়: মল্লিকার্জুন খাড়গে

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬:২৭

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত সংসদে কোনো আলোচনায় বসবে না বিরোধী পক্ষ, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) খাড়গে বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর নৈতিক দায়িত্ব রয়েছে। তাই আলোচনা শুরুর আগে তার পদত্যাগ করা উচিত বলে বিরোধীদের দাবি।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। দিল্লিতে কংগ্রেসের (সিজেপি) চলমান বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এটি সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ। যারা দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সূত্র: দ্য হিন্দু

ইত্তেফাক/এবিএস