মনিরামপুর উপজেলার পারখাজুরা বাওড় থেকে মহসিন (২৩) এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। স্বজনদের অভিযোগ, তার সঙ্গে থাকা ভ্যান ও মোবাইল ছিনতাই করে হত্যার পর তাকে বাওড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পারখাজুরা বাওড়ের রামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহসিন চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মহসিন মঙ্গলবার বিকেলে ভ্যান নিয়ে বের হলে সন্ধ্যার পর ফিরে আসেনি। বুধবার বিকেলে মনিরামপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে একটি মরদেহ পারখাজুরা বাওড়ের রামপুর ঘাটের পাশে বাঁশঝাড়ের নিচে পানিতে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর সেটি মহসিনের বলে শনাক্ত করেন স্বজনরা।
মহসিনের বড় ভাই মিলন মোল্যা অভিযোগ করে জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে শয়লা বাজার হয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় মহসিনের সঙ্গে দেখা হয়েছিল। এসময় মহসিন ভাইকে বলে ‘এক হাজার টাকার একটা বড় ভাড়া ধরে আসি’ বলে চলে যায়।
স্বজনরা জানান, ধারণা করা যাচ্ছে মহসিনের কাছ থেকে ভ্যান ও মোবাইল ফোন ছিনতাই করে হত্যা করে বাওড়ে ফেলে দিয়ে গেছে।’
মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, মরদেহটি পচে গেছে। তার গায়ে বড় কোনো আঘাত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

