রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৭:১২

যুক্তরাজ্য সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা মিশন পায়নি। তথ্য-প্রমাণ পেলে তা খতিয়ে দেখা হবে।’

ভারতের চলমান পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলের স্থিতিশীলতা চায়। আমরা প্রত্যাশা করি, ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে আলোচনার মাধ্যমেই চলমান পরিস্থিতির সমাধান হবে।

এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ভিসা কার্যক্রম আরও দ্রুত চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

 
ইত্তেফাক/এসজেএস