ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৯

প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে মোদি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে কঠোর আইন প্রণয়নের বিষয়ে পরদিনের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শুক্রবার (২৪ জুলাই) আলোচনা হবে। এ লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল উপস্থাপন করা হবে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ অপরাধ নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্ন ও পরিশ্রমের সঙ্গে জড়িত। গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে আইনের আওতায় রয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদির ভাষ্য, সরকারের প্রধান লক্ষ্য ছিল যাতে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়। সে কারণে অল্প সময়ের মধ্যে প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং ফলাফলও প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু গ্রেপ্তারেই সরকার থেমে থাকছে না। সংশ্লিষ্ট বিভাগকে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং রাতভর কাজ করে একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। এতে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে, যা মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার সদস্যদের মতামত যুক্ত করে বিলটির চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর সংসদের চলতি অধিবেশনের দ্বিতীয় সপ্তাহ থেকেই এটি দ্রুত পাস করানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রশ্নফাঁস ইস্যুতে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। সেদিনও তিনি দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের কথা জানিয়েছিলেন।

 

 

ইত্তেফাক/এসজেএস