কোয়ার্টারফাইনালে জকোভিচ, বিদায় ফেদেরার

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৯:০৩

এটিপি সিনসিনাটি মাস্টার্স টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। পক্ষান্তরে ইউএস ওপেনের রিহার্সেল হিসেবে বিবেচিত এ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন রজার ফেদেরার। এক দিক থেকে ফেদেরার বিদায় নেওয়ায় জকোভিচের ফাইনালের পথটি অনেকটাই পরিষ্কার হয়ে গেল।

মাত্র ৯০ মিনিট স্থায়ী ম্যাচে জকোভিচ ৬-৩, ৬-৪ গেমে বিশ্বের ৫৩ নম্বর খেলোয়াড় স্পেনের পাবলো কারেনো বুস্তাকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। ম্যাচ শেষে জকোভিচ বলেন, 'আজ আমি অত্যন্ত খুশি। কেননা আজ আমি ভাল মান সম্পন্ন একজন খেলোয়াড়কে হারিয়েছি। সরাসরি সেটে জয় পেয়েছি। তবে স্কোর দেখে বুঝা যাচ্ছেনা ম্যাচটি কত কঠিন ছিল।'

তবে ক্যারিয়ারে প্রথম দেখাতেই রাশিয়ার আন্দ্রেই রুবলেভের কাছে হেরে যান ফেদেরার। ফেদেরারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে আপসেট ঘটান রুবলেভ। গত সপ্তাহে ৩৮ বছরে পা রাখা সাত বারের সিনসিনাটি চ্যাম্পিয়ন ফেদেরার যেন উইম্বলডন ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রুবলেভের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি।

ফেদেরার বলেন, 'শুরুতেই সার্ভিসে আমার কিছু সমস্যা হয়েছে, যা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি।'

আরও পড়ুন:  নয়ন বন্ডের বাসায় চুরি!

ইনজুরির কারণে গত মৌসুমের শেষ কয়েক মাস খেলার বাইরে কাটানো বাছাই পর্ব থেকে উন্নীত রাশিয়ার ২১ বছর বয়সী রুবলেভ যেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারকে হারিয়ে সকলকে নাড়িয়ে দেন। তিনি বলেন, 'রজারের মত একজন কিংবদন্তী খেলোয়াড়কে হারানোর অনুভূতিটাই অবিশ্বাস্য। উপস্থিত দর্শকদের মধ্যে কমপক্ষে ৯৯ শতাংশই তাকে সমর্থন করছিলেন। আজ আমি কেবল নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি।'

কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস পুইলি। আরেক রাশান কারেন খাচানভকে ৬-৭(৩/৭), ৬-৪, ৬-২ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন পুইলি। এ ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাশিয়ার ডানিল মেদভেদেভ, স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত, ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট, জাপানের ইয়োশিহিতো নিশিওকা এবং বেলারুশের ডেভিড গোফিন।

নবম বাছাই মেদভেভে ৬-২, ৬-১ গেমে জার্মানির ইয়ান-লেনার্ড র্স্টাফকে, একাদশ বাছাই আগুত ৬-১, ৬-২ গেমে সার্বিয়ার মিওমির কেচমানভিচকে, গ্যামকুয়েট ৭-৬(৮/৬), ৬-৩ গেমে আর্জেন্টিনার শোয়ার্জম্যানকে, নিশিওকা ৭-৫, ৬-৪ গেমে অস্ট্রেলিয়ার এ্যালেক্স ডি মিনাউরকে এবং ষোড়শ বাছাই গোফিন ৭-৬(৮/৬), ৬-২ গেমে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে পরাজিত করেন।

ইত্তেফাক/জেডএইচডি