অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে চার হাজার ২০০ জনেরও বেশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ ও তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিমপ্রধান দেশ।
শুক্রবার (২৪ জুলাই) মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে কূটনৈতিক এই প্রতিবাদ জানানো হয়।
যৌথ বিবৃতিতে তারা জানান যে ইসরায়েলি চরমপন্থী মন্ত্রীদের নেতৃত্বে ও পুলিশের নিরাপত্তায় এই বড় ধরনের অনুপ্রবেশ ঘটেছে। এ ধরনের উসকানিমূলক কাজ ঘৃণা ও চরমপন্থা বৃদ্ধি করে এবং দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে বলে পররাষ্ট্র মন্ত্রীরা মন্তব্য করেন।
ইহুদিদের টিশা বি'আব উৎসব উপলক্ষে ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। সেই সময়ে ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে কঠোর কড়াকড়ি আরোপ করে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে এবং কয়েকজন সাধারণ ফিলিস্তিনির ওপর হামলা চালায় বলে তথ্য প্রকাশ করা হয়েছে।
পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলা হয় যে অধিকৃত জেরুজালেম বা এর ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। একই সাথে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় অবস্থান নেওয়ার জোরালো আবেদন জানানো হয়েছে।
সূত্র: আল জাজিরা

