ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন জামায়াত নেতা

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৫:৪২

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে জামায়াত নেতা লিখেন, আমি দীর্ঘদিন ধরে এই সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আজ আমি স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করছি।

আমি সবসময় ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের পক্ষে থাকার চেষ্টা করেছি জানিয়ে মো. খলিলুর রহমান বলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে দলের কিছু সংসদ সদস্য ও উচ্চপদস্থ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যভিচার, দুর্নীতি, লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। এসব বিষয় আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমার এই লেখায় ইসলাম শব্দটি ব্যবহার না করার কারণ হলো-আমার বিশ্বাস, কোনো ব্যক্তি বা সংগঠন কেবল নামের সঙ্গে ইসলাম যুক্ত করলেই ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করে না; প্রকৃত পরিচয় নির্ভর করে তার কর্ম ও চরিত্রের ওপর।

পরিশেষে, দীর্ঘদিনের এই পথচলায় আমার কোনো কথা বা আচরণে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তবে মহানুভবতার সঙ্গে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উল্লেখ করে জামায়াত নেতা বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন।

 
ইত্তেফাক/এনটিএম