ফেনীতে ছাত্রদলের ‘২ বছরের কমিটির ৮ বছর পূর্তির’ ছবি ভাইরাল

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬:৪০

দুই বছরের জন্য গঠিত কমিটি। কিন্তু ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে আট বছর। নতুন নেতৃত্বের অপেক্ষা, হতাশা আর ক্ষোভে ব্যঙ্গাত্মক ভাষা ধরা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি ভাইরাল হয়েছে ছাত্রদলের ‘২ বছরের কমিটির ৮ বছর পূর্তির’ একটি ছবি। 

ফেনী জেলা ছাত্রদলের ‘২ বছরের কমিটির ৮ বছর পূর্তি’ উপলক্ষে প্রচারিত একটি ব্যঙ্গাত্মক ব্যানার ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ভাইরাল হওয়া ব্যানারে প্রীতিভোজ ও সংবর্ধনা অনুষ্ঠান, বঞ্চিত সকল ছাত্রনেতাদের নিমন্ত্রণসহ নানা ব্যঙ্গাত্মক বাক্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ছাগল ও মুরগির ছবি সংযোজন করে ব্যানারটিকে আরও হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি কোনো আনুষ্ঠানিক ব্যানার নয়। এতে উল্লেখিত অনুষ্ঠানেরও বাস্তবে কোনো আয়োজন নেই। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় ক্ষোভ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী নিজের ফেসবুক পোস্টে লেখেন, ৯ বছর-একটি প্রজন্মের অপেক্ষা। ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটির অপেক্ষায় অসংখ্য ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকেও নতুন নেতৃত্বের সুযোগ না পাওয়া হতাশাজনক।

একই বিষয়ে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল লেখেন, এই পথ চলা যদি শেষ না হয়, ফেনী জেলা ছাত্রদলের একসঙ্গে পথ চলার ৯ বছরে পদার্পণ। ২০১৮ সালের ১২ জুলাই ঘোষিত কমিটি ২০২৬ সালের ১২ জুলাই আট বছর শেষ করে নয় বছরে পদার্পণ করেছে। নতুন নেতৃত্বের সূচনায় আর কত বছর অপেক্ষা?

ব্যঙ্গাত্মক ব্যানারটি তৈরির বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদস্য সানি মজুমদার বলেন, বর্তমান কমিটি আট বছর শেষ করে নয় বছরে পদার্পণ করেছে। কিন্তু নতুন কমিটি হচ্ছে না, আবার পুরোনো কমিটিও সরে দাঁড়াচ্ছে না। সিনিয়ররা এভাবে পদ আঁকড়ে ধরে থাকলে আমাদের মতো তরুণদের নেতৃত্বে আসার সুযোগ কোথায়? সেই হতাশা থেকেই প্রতীকীভাবে এমন পোস্টার প্রচার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, কেন্দ্রীয় সংসদ থেকে নতুন জেলা কমিটি গঠনের আলোচনা প্রায় চার বছর ধরে চলছে। কেন এখনও কমিটি দেওয়া হয়নি, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমার কাছেও নেই। যারা নতুন কমিটির প্রত্যাশী, তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল। তাদের প্রত্যাশা অযৌক্তিক নয়। নতুন কমিটি হওয়া দরকার। বিষয়টিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামতও জানিয়েছি। খুব শিগগিরই নতুন কমিটি হবে বলে আশা করছি। নতুন নেতৃত্ব এলে সংগঠন আরও গতিশীল হবে, আর আমরাও সাংগঠনিকভাবে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাব।

প্রসঙ্গত, ২০১৮ সালে ফেনী জেলা ছাত্রদলের ৩৯৫ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সালাউদ্দিন মামুনকে সভাপতি এবং মোর্শেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করা হয়। বর্তমানে এই কমিটির অধিকাংশ সদস্য প্রবাসী, ব্যবসায়ী ও ঠিকাদার। কমিটিতে থাকা প্রায় শতভাগ নেতাই পড়াশোনায় অনিয়মিত। আবার কমিটির অধিকাংশই বিবাহিত হয়ে কয়েক সন্তানের জনক। বয়সও সবার ত্রিশোর্ধ্ব, যা ছাত্রদলের গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।কমিটি ঘোষণার পর আট বছর পার হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে নতুন কমিটি গঠনের আলোচনা জোরালো হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

ইত্তেফাক/এপি