পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন সেনা সদস্যসহ ১৫ জন নিহত: সেনাবাহিনী

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২১:৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আত্মঘাতী হামলাকারীরা একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এতে ১২ সেনা, দুই পুলিশ সদস্য ও একজন সরকারি কর্মকর্তা নিহত হন।

সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, ‘দেশের ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জন বীর সন্তান চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন।’

সেনাবাহিনী আরও জানায়, সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে পরিচালিত চৌকিটিতে এই হামলাটি আফগান সীমান্তের কাছে ট্যাঙ্ক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে ঘটে। এই এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা চৌকিতে হামলা চালানো জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয়ে পরে বিস্ফোরকবোঝাই একটি যান চৌকির বাইরের দেয়ালে আঘাত করে।

এদিকে এক বিবৃতিতে স্থানীয় তালেবান জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, হামলায় চারজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল।

সরকার উৎখাত করে নিজেদের কঠোর ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৭ সাল থেকে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে তালেবান।

 

তথ্যসূত্র: রয়টার্স

 
ইত্তেফাক/ আরএইচ