রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২২:৫৭

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কোনো কাজ করে থাকলে তার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এনসিপি আয়োজিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আপনারা জানেন বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন, যেই আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে সেটি অবৈধ ছিল এবং রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করেছেন। যদি সত্যিই তিনি সংবিধানবিরোধী কাজ করে থাকেন, তবে তার শাস্তি হওয়া উচিত। আমরা দেখতে চাই বিএনপি সরকার তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা। আর যদি না নেয়, তবে ধরে নিতে হবে গণভোটের আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি কোনো সংবিধানবিরোধী কাজ করেননি।

দেশে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, এভাবে আর কতদিন চলবে? আপনারা তো দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন বা সংস্কারগুলো করেননি। পুলিশ সংস্কার করেননি, আদালতকে নিরপেক্ষ করেননি, প্রশাসনকেও ঢেলে সাজাননি। ফলে দুর্নীতি ও লুটপাট বন্ধ হচ্ছে না। এই সরকার যদি সংস্কার বাস্তবায়ন না করে, তবে তা জুলাই শহীদ ও গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সমগ্র বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক করা যায়নি। জনগণের এবং ছাত্রদের সাথে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে, তা নিরসন করে পুলিশকে শক্তিশালী করতে হলে স্বাধীন পুলিশ কমিশন গঠন ও জরুরি সংস্কার প্রয়োজন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, উনি বাংলাদেশের অতি সুপরিচিত একজন ব্যক্তিত্ব। আমরা আশা করব, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সংসদে সাধারণ মানুষের কথা যথাযথভাবে তুলে ধরবেন। বাবর সাহেব যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমরাও তার প্রতি কৃতজ্ঞ। তবে দুঃখের বিষয় হলো, উনার দল বিএনপি বা তারেক রহমানের সরকার—যিনি দীর্ঘ সময় লন্ডনে থাকার পর এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই দেশে ফিরে ক্ষমতায় এসেছেন—সেই দলের অনেক নেতাই এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন এবং কোনো কৃতজ্ঞতা স্বীকার করেন না।

নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন, সেভাবে আর কাউকে চালাতে দেওয়া হবে না। আশা করি, দ্রুতই তারেক রহমানের সরকার ভুল বুঝতে পেরে গণভোটের শতভাগ রায় মেনে নেবে। সীমান্ত সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি খালিয়াজুড়িসহ পুরো হাওড় অঞ্চলের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা নেওয়ার দাবি জানাচ্ছি।

এনসিপির খালিয়াজুড়ি উপজেলা আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 
ইত্তেফাক/এমএস