নরসিংদীর রায়পুরা উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. ইসমাঈল আল রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। প্রায় নয় মাস আগে তিনি একই প্রতিষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পান।
স্থানীয় সূত্রের দাবি, মাদকাসক্তির অভিযোগ থাকলেও তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। অতীতে তাকে অপসারণের দাবি উঠলেও সে সময় কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জান্নাতুল নাঈম বলেন, ‘হাসপাতালের স্টাফদের মাধ্যমে জেনেছি, আরএমও ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হবে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তিনি দোষী সাব্যস্ত হবেন।’
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত অবস্থায় এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

