বাগেরহাট শহরে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে শহর থেকে কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
নিহত নিজাম উদ্দিন বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। পুলিশ রাতেই তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার পরপরই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই হত্যাকাণ্ডের কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনজীবীকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

