স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজের জন্য বের হয়েছিলেন দোকানি, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:১১

চট্টগ্রামের লোহাগাড়ায় নামাজ শেষে হাসপাতালের দিকে ফেরার পথে দুটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক দোকানি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহত মো. আলমগীর (৫৬) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। সাউন্ড হেলথ হাসপাতালের কাছেই তার একটি ভাতের হোটেল ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রী কমরুন্নেছাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আলমগীর। স্ত্রীকে হাসপাতালে রেখে তিনি পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে হাসপাতালের দিকে ফিরে আসার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এসজেএস