সুরের জাদুতে ঢাকা মাতালেন আতিফ আসলাম

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৪:২২

দীর্ঘ অপেক্ষার পর ঢাকার মঞ্চে সুরের জাদু ছড়ালেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট।

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতেও কনসার্টস্থল ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল। একের পর এক সুপারহিট গান পরিবেশন করে বৈরী আবহাওয়াকেও রোমাঞ্চকর অভিজ্ঞতায় রূপ দেন এই জনপ্রিয় তারকা শিল্পী।

কনসার্ট শুরুর অনেক আগে থেকেই দর্শকরা ভেন্যুতে জড়ো হতে থাকেন। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রিয় শিল্পীকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন তারা। মূল পরিবেশনার আগে মঞ্চে গান পরিবেশন করে দেশের ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। রাত ৮টা ৫২ মিনিটে আতিফ আসলাম মঞ্চে উঠতেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু।

‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’সহ তার জনপ্রিয় গানগুলোতে কণ্ঠ মেলান হাজারো দর্শক। বৃষ্টিভেজা সন্ধ্যায় মোবাইলের আলো আর দর্শকদের সম্মিলিত কণ্ঠ কনসার্টকে আরও স্মরণীয় করে তোলে।

কনসার্টের আগের দিন রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানান আতিফ আসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানকার মানুষের ভালোবাসা আমাকে বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে।’

বাংলাদেশের খাবারেরও প্রশংসা করেন এই শিল্পী। তার ভাষায়, দেশের খিচুড়ি, বিরিয়ানি ও মালাই চা তার ভীষণ প্রিয়। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশি খাবারের কথা তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে ‘লিজেন্ড’ বলে অভিহিত করেন আতিফ। পাশাপাশি বাংলা গান গাওয়ার আগ্রহের কথাও জানিয়ে বলেন, সঠিক উচ্চারণ আয়ত্ত করার পরই তিনি বাংলা গান গাইতে চান। বাংলাদেশের মানুষকে নিজের পরিবারের মতো মনে করেন বলেও জানান এই জনপ্রিয় গায়ক।

ইত্তেফাক/এসএইচ