মানবাধিকার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে সমালোচনা করেছে ইরান। তেহরানের অভিযোগ, একদিকে মানবাধিকার রক্ষার কথা বলা হলেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে। খবর আলজাজিরার।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার জবাবেই তিনি এ প্রতিক্রিয়া জানান।
বাঘেই বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে চালানো ‘প্রাণঘাতী হামলা’য় যদি ইইউ লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে একই সঙ্গে মানবাধিকার রক্ষার দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না।
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে যে হতাহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে শিশুদের মৃত্যুর বিষয়ে ইইউ কোনো সহানুভূতি প্রকাশ করেনি। পাশাপাশি কথিত যুদ্ধাপরাধের ঘটনাগুলোরও তারা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়নের এমন অবস্থান ‘অশুভকে স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম উদাহরণ’।

