প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাইয়ের চেতনা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৬:০৩

জুলাইয়ের চেতনা ধারণ না করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ–বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনার মূল ভিত্তি হলো সব ধরনের বৈষম্য দূর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই চেতনাকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া যাবে না।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জুলাইয়ের শিক্ষা হলো একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ চেতনার প্রধান স্তম্ভ হচ্ছে বৈষম্যের অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় সংহতি ও পুনর্মিলন।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি বিজয়ী জাতি এবং দেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই পদোন্নতি দেওয়া হবে না বলেও জানান তিনি। পাশাপাশি মেজর সিনহা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের বিষয়েও সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে আরও অনেকে বক্তব্য দেন।

ইত্তেফাক/এমএএম