নারায়ণগঞ্জে দিনদুপুরে ছিনতাই, বাধা দেওয়ায় তরুণকে ছুরিকাঘাত

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৭:১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে এক তরুণের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন ওই তরুণ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশে একটি কালভার্টসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহত মানিক (১৯) উপজেলার লতব্দী গ্রামের মাসুমের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দুটি ব্যাংক শনিবার ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে মোটরসাইকেলে করে বিশনন্দী ইউনিয়নের মানিকপুরে তার মামা সাদ্দামের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা চার ব্যক্তি মোটরসাইকেল থামাতে বলেন। তাদের একজনের পরনে ছিল পুলিশের পোশাকসদৃশ একটি কোট। প্রথমেই তারা মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। বিষয়টি চেকপোস্টে তল্লাশির মতো মনে হওয়ায় মানিক প্রথমে কোনো সন্দেহ করেননি। পরে তারা ওই তরুণকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী মানিক বলেন, চারজনের একজনের কোমড়ে পিস্তল ছিল। আমি মনে করেছিলাম পুলিশ। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আমি বাধা দেওয়ার একপর্যায়ে আমার হাতে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে দিনদুপুরে ছিনতাইয়ের খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, যত দূর জেনেছি, সেটি পুলিশের পোশাক ছিল না। ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত এক ধরনের কটি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে জোরদার অভিযান চলছে।

ইত্তেফাক/এপি