ফ্রান্স ও স্পেনে চলছে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল। তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া এ আগুন বনাঞ্চল গ্রাস করে এখন শহরের দিকে এগোচ্ছে। সিএনএন শনিবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছে।
ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে। স্পেনেও মাদ্রিদের ঠিক পূর্বদিকের কয়েকটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ফ্রান্সের ক্যাপ ফেরাত উপত্যকা থেকেই ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরে দেশটিতে দাবানলে ৯৮ হাজার হেক্টর জমি পুড়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে জিরোন্ড এলাকায়ই পুড়েছে ৪০ হাজার হেক্টর।
বিবিসি জানিয়েছে, স্পেনে আজ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট হবে না। জরুরি অবস্থা ঘোষণার পর প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, এখন প্রধান লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা। আগামী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের গতি কেমন হবে, তা এখনো অজানা।

