জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্তের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ জুলাই) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অডিটোরিয়ামে সিলেটের দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে বাণিজ্যমন্ত্রী সমাবর্তন উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এ সময় তিনি বলেন, ‘যে অভিযোগের ওপর ভিত্তি করে এই শুল্ক আরোপ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসংগত। তবে এই নতুন শুল্ক আরোপের ফলে আমাদের বিদ্যমান বাণিজ্য পরিস্থিতিতে বড় কোনো প্রভাব বা পরিবর্তন আসবে না। মূলত আগের যে শুল্ক নীতি ছিল তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে। শুধু এর নাম বা রূপ পরিবর্তন করা হয়েছে।’
এদিকে দেশে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা জানিয়ে জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে বাণিজ্যমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেন। তিনি জানান, বর্তমানে দেশে ইউরিয়াসহ সব ধরনের সার ও কৃষি উপকরণের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
সমাবর্তন অনুষ্ঠানে ওই বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা ও মাহনগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

