প্রথমে খাল খনন কর্মসূচি দিয়ে কাজ শুরু করা হয়েছে এবং পরে নদী খননের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরায় ‘সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের আগে সাধারণ জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে এসে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রথমে খাল খনন কর্মসূচি দিয়ে কাজ শুরু করেছেন এবং পরে নদী খননের কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব এখন সারা বিশ্বে দৃশ্যমান। নির্ধারিত সময়ে বৃষ্টি হচ্ছে না, আবহাওয়ার স্বাভাবিক চক্রে পরিবর্তন দেখা যাচ্ছে। এতে কৃষি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা আমাদের জন্য অশুভ সংকেত। জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাক্কাবির আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্যরা।

