৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:৪১

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিএনপি সরকারের মাত্র চার মাসে ১১৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশে তিনি এই কথা বলেন। 

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অন্তবর্তী সরকারে যে কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত হয়নি; বিএনপি একটি বারের জন্য বলেনি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বিএনপি মনে করছে বাকিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার, গুম হত্যার শিকার অন্যদলগুলোর চেয়ে বেশি শিকার বিএনপির নেতাকর্মীরা। ফলে এমন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরোও যাচাই-বাছাই শেষে বাকীগুলোকেও আইনে পরিণত করবে এই সরকার।

জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘদিন যাদের সাথে রাজনীতি করেছি, যারা কেমন অচেনা হয়ে গেছে। সংসদে এক ভাষায় কথা বলেন, সংসদের বাইরে কথা বলেন আরেক ভাষায়। আল্লাহপাক ধৈর্যশীলদের পছন্দ করে। কিন্তু তাদের ধৈর্য সইছে না। তারা চাইছে পাঁচ মাসেই বিএনপি সরকার পরিবর্তন করতে। এটি কখনোই সম্ভব না। কেননা দেশের জনগণ অনেক আকাঙ্ক্ষা; অনেক স্বপ্ন নিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। তাই বলবো প্রতিমুহূর্তে ধর্মের গল্প না দিয়ে, ইসলামকে যদি চরিত্র ধারণ করেন, হৃদয়ে ধারণ করেন, তাহলে বলবো, ধর্য্য ধারণ করেন।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এমপি, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ। 

এর আগে যশোরের আট উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিলসহকারে যোগদেন সমাবেশ স্থলে। মিছিল স্লোগানে ঢল নামে নেতাকর্মীদের।

ইত্তেফাক/এমএস