ভিনিকে দলে ভেড়াতে চায় আর্সেনাল

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:০১

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে চায় আর্সেনাল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পরিস্থিতির ওপর নজর রাখছে এবং চুক্তি নবায়নে সমঝোতা না হলে তাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে। দ্য অ্যাথলেটিক এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আর্সেনাল ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম অপশন হিসেবে দেখছে। তবে ক্লাবের আগ্রহ এখনো প্রাথমিক পর্যায়ে এবং কোনো আনুষ্ঠানিক প্রস্তাব করা হয়নি।

দুই ক্লাবের মধ্যে কোনো আলোচনাও হয়নি। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আর্সেনালের ভেতরে ভিনিকে নিয়ে আগ্রহ রয়েছে।

এই ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১২ মাস বাকি। নতুন চুক্তির আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। রিয়াল মাদ্রিদ তাদের এই তারকাকে বিনামূল্যে হারাতে চাইবে না। 

তবে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও কোনো বড় তারকার চলে যাওয়ার বিরুদ্ধে অবস্থান করছেন। ক্লাব কর্তৃপক্ষকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সব বড় খেলোয়াড়কে ধরে রাখতে চান তিনি।

এই গ্রীষ্মের বিশ্বকাপে দারুণ খেলেছেন ভিনি। ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচে চারটি গোল করেন তিনি। তবে রাউন্ড অব ১৬-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

ক্লাব পর্যায়েও ২০২৫-২৬ মৌসুমে ভালো ছিলেন ভিনি। সব প্রতিযোগিতায় ২২টি গোল করেছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করেছে। লা লিগায় বার্সেলোনার পেছনে থেকে রানার্সআপ হয়েছে তারা।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে ৩৭৫ ম্যাচে মাঠে নেমে ১২৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১০০টি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 
ইত্তেফাক/ আরএইচ