ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:০৬

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনের বেলকুনিতে কাপড় বেঁধে পালানোর সময় পড়ে গিয়ে রিয়া আক্তার (১৩) নামে গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে। 

পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রিয়া আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নামাপাড়া গ্রামের রাজু হোসেনের মেয়ে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস বলেন, ধানমন্ডির ৭ নম্বর রোডের ৯১/এম বাড়ির ১০ তলায় থাকেন ব্যবসায়ী মমিনুল আহসান।  এখানে ৪ অক্টোবর থেকে গৃহকর্মী হিসাবে কাজ করতো রিয়া। 

আরো পড়ুন: আমরা বিক্রির জন্য নই: ট্রাম্পকে গ্রিনল্যান্ড

এসআই বলেন, আমরা সংবাদ পেয়েছি একটি মেয়ে ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় বেলকুনি দিয়ে নিচে পড়ে গেছে।  তখন ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ পাই। দেখতে পাই, বেলকুনিতে লোহার সঙ্গে কাপড় বাঁধা ছিল। ঐ বাসার লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পেরেছি। মেয়েটি একটির কাপড়ের সঙ্গে আরো কাপড় বেঁধে নিচে নামতে যায়। এসময় কাপড় ছিড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।  

তবে কি কারণে রিয়া আক্তার পালাতে গেল এ বিষয়ে কিছু বলতে পারেননি ধানমন্ডি থানার এই এসআই। তিনি বলেন, বিষয়টি আরও তদন্তের পর জানা যাবে। 

ইত্তেফাক/জেডএইচ