এইচএসসি পরীক্ষা

রসায়নের ‌‌‘ভুল প্রশ্নে’ যেভাবে নম্বর দেওয়ার নির্দেশনা দিলো বোর্ড

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৩৯

এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগের পর পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষকদের জন্য প্রকাশিত নির্দেশিকায় (রুব্রিকস) প্রতিটি প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর, নম্বর বণ্টন এবং আংশিক নম্বর দেওয়ার নীতিমালা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, খাতা মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পরীক্ষার্থীরা যদি বিক্রিয়ার অর্ধসমীকরণ পূর্ণ করতে পারে, সঠিক সূত্র লিখতে পারে কিংবা কোনো নির্দিষ্ট ধারণার সঠিক ব্যাখ্যা দিতে পারে, তাহলে তারা আংশিক নম্বর পাবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের (ঘ) অংশে উচ্চতর দক্ষতার জন্য ৪ নম্বর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে গাণিতিক বিশ্লেষণের পাশাপাশি যৌক্তিক ব্যাখ্যা দেওয়া আবশ্যক।

গত ২২ জুলাই অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার পর শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার অভিযোগ ওঠে। তাদের ভাষ্য, এসব ত্রুটির কারণে পরীক্ষার সময় অনেক শিক্ষার্থী বিভ্রান্তিতে পড়েন এবং উত্তর দিতে সমস্যায় পড়েন।

বিষয়ভিত্তিক শিক্ষকদের বিশ্লেষণে দেখা যায়, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (II) অংশে বিক্রিয়া থেকে চারটি উৎপাদ পাওয়া গেলেও কোনটির ভর ২ দশমিক ৫ গ্রাম, তা উল্লেখ করা হয়নি। ফলে জারকের ভর নির্ণয় করা সম্ভব হয়নি।

এছাড়া ৫ নম্বর উদ্দীপকে ‘পাত্র-১’ উল্লেখ থাকলেও ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে সেটিকে ‘A-পাত্র’ বলা হয়েছে, যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।

৬ নম্বর প্রশ্নের ‘গ’ অংশে গ্যাসের আয়তন দেওয়া হলেও প্রয়োজনীয় তাপমাত্রা ও চাপ উল্লেখ না থাকায় হিসাব সম্পন্ন করা সম্ভব হয়নি। একই প্রশ্নের ‘ঘ’ অংশে দেওয়া তথ্য অনুযায়ী কার্বন ডাই-অক্সাইডের Z-এর মান ৪ দশমিক ০ পাওয়া যায়, যা বাস্তব গ্যাসের স্বীকৃত বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

অন্যদিকে, ৮ নম্বর সৃজনশীল প্রশ্নের ‘ঘ’ অংশে ভ্যান ডার ওয়ালস সমীকরণকে আদর্শ গ্যাসের সমীকরণের পরিবর্তিত রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বিষয়-সংশ্লিষ্টদের মতে সংজ্ঞাগতভাবে সঠিক নয়। যদিও কয়েকটি পাঠ্যবইয়ে একই ধরনের ব্যাখ্যা রয়েছে।

শুধু সৃজনশীল অংশ নয়, বহুনির্বাচনি প্রশ্নেও ত্রুটির অভিযোগ উঠেছে। যমুনা (ঘ) সেটের ১০ নম্বর প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনো সঠিক উত্তর ছিল না বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষক।

এর আগে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নেও ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এবার রসায়নের ক্ষেত্রে পূর্ণ নম্বরের পরিবর্তে মূল্যায়নে একরূপতা নিশ্চিত করতে বিস্তারিত রুব্রিকস অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসজেএস