২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। খেলেছেন বয়সভিত্তিক দলে। ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি তার। তবে ফুলহ্যামের সিনিয়র দলে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অভিষেক হয়েছে ফারহানের। এতে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমেও খেলার দ্বারপ্রান্তে এই স্ট্রাইকার।
শনিবার (২৫ জুলাই) নরউইচের বিপক্ষে ৪৬ মিনিটে বদলি নামার সুবাদে ফুলহ্যামের জার্সিতে ফারহানের অভিষেক হয়। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, ফুলহ্যামও ম্যাচ হেরেছে ২-০ গোলে। এমন ম্যাচের সম্প্রচার কিংবা বিস্তারিত তথ্য প্রকাশিত হয় না বলে ফারহানের পারফরম্যান্স জানার সুযোগ কম।
এর আগে ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে নজরকাড়া ফর্ম দেখিয়েছেন ফারহান। যার সুবাদে নভেম্বরে তিনি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পান, মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও তার জায়গা হয়েছে।
ফারহারের শিকড়টা বাংলাদেশের সিলেটে। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহ্যামে পাড় জমান। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে ফারহানের।
একইসঙ্গে বাংলাদেশও ফারহানকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করেছে গত মে মাসে। আসন্ন সেপ্টেম্বরের উইন্ডোতে ফারহানকে পেতে তার পাসপোর্টের কার্যক্রম চালুর কথা জানিয়েছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এমনকি তারা নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও ফারহানকে বিবেচনা করার কথা ভাবছে।

