দেশে চলমান গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটকে অনেকাংশে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কৃত্রিমভাবে গ্যাস সংকট তৈরি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা রয়েছে কি না, তা তদন্তেরও দাবি জানিয়েছে দলটি।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
বিবৃতিতে তিনি বলেন, এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাসাবাড়িতে রান্না, সিএনজিচালিত যানবাহন চলাচল এবং শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
জামায়াতের এই নেতা বলেন, কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ যানবাহনের সারি দেখা যাচ্ছে। এতে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
এহসানুল মাহবুব জুবায়েরের দাবি, অবৈধ গ্যাস সংযোগ, সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটের কারণেই এ সংকট তীব্র হয়েছে বলে দেশবাসী মনে করছে। তিনি বলেন, কৃত্রিমভাবে গ্যাস সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা হচ্ছে কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।
গ্যাস সংকট মোকাবিলায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও কূপ খনন, বিদ্যমান কূপ থেকে গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, জনগণের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে সরকার অসাধু চক্রকে সুবিধা দেওয়ায় সারা দেশে গ্যাস সংকট আরও প্রকট হয়েছে। চলমান সংকট দ্রুত নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

