কমনওয়েলথ গেমস শুরু হয়েছে ২৩ জুলাই। ৭৪ দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশও প্রতিবারের মতো গেমসে অংশগ্রহণ করছে। চারটি খেলায় অংশগ্রহণ করছে। অ্যাথলেটিকস, সাঁতার, জিমন্যাস্টিকস ও বক্সিংয়ে লড়াই করছে। অন্যরা একে একে বিদায়ের পথে হলেও কিছু ইভেন্টে এখনো টিকে আছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এর মধ্যে সম্ভাবনা উঁকি দিচ্ছে বক্সিংয়ে।
৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের রাকিব হোসেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে জিততে পারলে ব্রোঞ্জ পদক নিশ্চিত। সেই সম্ভাবনা বাংলাদেশের অন্যান্য ক্রীড়াবিদরাও দেখছেন। রাকিব এরই মধ্যে দুই গেম জিতেই কোয়ার্টার ফাইনালের জন্য রিংয়ে উঠা নিশ্চিত করেন। শুক্রবার হারিয়েছে সলোমন আইল্যান্ডকে। গতকাল হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। আগামীকাল খেলবে অস্ট্রেলিয়ার বক্সারের বিপক্ষে। বক্সিংয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস, রুহিন রেজা লড়াই করছেন।
জিমন্যাস্টিকসে রয়েছেন রাজিব চাকমা, আবু সাঈদ এবং শিশির আহেমদ। সাঁতারে ৫০ মিটার ব্যাক স্ট্রোক ও বাটার ফ্লাই ইভেন্টে সামিউল ইসলাম, ২০০ মিটার বাটার ফ্লাই ও ৪০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে কাজল মিয়া, ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে সুকুমার রাজবংশি, ১০০ মিটার ফ্রি স্টাইল ও ৫০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে সোনিয়া আক্তার।
কমনওয়েলথ গেমস বলতে শুটিং ইভেন্ট ছিল সবার আলোচনায়। কারণ শুটিংয়েই পদক এসেছিল। এবার সেই শুটিং নেই। স্কটল্যান্ডে অনুষ্ঠানরত কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে আলো দেখাচ্ছে বক্সিং। রাকিব হোসেন যদি সেই সুযোগ কাজে লাগাতে পারে তাহলে অনেক দিন পর আবার পদকের ছোঁয়া পাবে বাংলাদেশ। অ্যাথলেটিকসে আজ নামবে বাংলাদেশ। ৯ নম্বর হিটে ইমরানুর রহমান, ৭ নম্বর হিটে শিরিন আক্তার ট্র্যাকে নামবেন।

