ইরানের হামলায় নিহত সেনাদের সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক নতুন সংঘাতের ঘটনায় প্রাণ হারানো চার মার্কিন সেনার নাম তালিকা থেকে সরিয়ে আলাদা একটি নতুন বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৪-তে নামিয়ে এনে রোববার (২৬ জুলাই) ‘ওভারসিজ অপারেশন্স’ নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়। সেই নতুন তালিকায় ১৭ ও ১৮ জুলাই জর্ডান ও ইরাকে প্রাণ হারানো চার সেনার নাম এবং ২০৭ জন আহতের তথ্য রাখা হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জোয়েল ভালদেস এবং প্রধান মুখপাত্র শন পার্নেল প্রাণহানির এই সংখ্যা কমানোর বিষয়টি কোনো তথ্য গোপনের চেষ্টা নয় মন্তব্য করে একে কেবল ‘উপাত্তের সাময়িক বিভ্রাট’ বা কারিগরি ত্রুটি বলে দাবি করেছেন। তবে ইউএস সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে যাবতীয় প্রশ্নের জন্য পেন্টাগনকে নির্দেশ করলেও হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে পরে সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি পুনর্দখল এবং নৌপথ নিরাপদ করার লড়াই চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে সংঘাতের মোট নিহতের সংখ্যা ১৮ জন বলে নিশ্চিত করেছিলেন। তবে জুনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ৭ জুলাই থেকে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে পেন্টাগন যুদ্ধকৌশল এবং হতাহতের তথ্য সরবরাহে চরম অনীহা দেখাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এপি

ইত্তেফাক/টিএইচ