এবার টিভি সিরিজে অভিনয় করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৪:০১

ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল মাঠে মুন্সিয়ানা দেখিয়ে ইতিমধ্যে ফুটবল ইতিহাসের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোনালদো। এবার পা রাখছেন টেলিভিশন ড্রামার জগতে।

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’ এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এছাড়া ক্যামেরার সামনে বিশেষ উপস্থিতিও থাকবে তাঁর। এ প্রকল্পে রোনালদোর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও।

May be an image of football, American football and text that says "RONALDO 7"

নতুন এই সিরিজ নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’

এই সিরিজ নির্মাণে রোনালদোর সঙ্গী হয়েছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে পরিচিত ভন। চলতি বছর দুজন মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেন।

রোনালদোকে নিয়ে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক জনপ্রিয় ফুটবলভিত্তিক কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’র মতো হালকা মেজাজের নয়; বরং ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং পর্দার আড়ালের নানা দিক দেখানো হবে। ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সিরিজটির সম্প্রচারস্বত্ব নিয়ে তীব্র প্রতিযোগিতা হতে পারে। কারণ, এর সঙ্গে যুক্ত তারকাদের নামই এটিকে মর্যাদাপূর্ণ প্রকল্পে পরিণত করেছে। বিশেষ করে নাট্যপ্রযোজনায় রোনালদোর অংশগ্রহণ অনেকের কাছেই চমক হিসেবে দেখা হচ্ছে।

সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত।

 

ইত্তেফাক/জেডএইচ