জামালপুর সদর উপজেলার দিগপাইতে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকার মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- মো. ননি প্রকাশ ননি ড্রাইভার (৬০) এবং মো. হাফিজ (৫৫)। তাদের মধ্যে ননি ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মো. হাফিজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত ননি ড্রাইভার দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার মো. মজিদ ড্রাইভারের ছেলে এবং মো. হাফিজ সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে ননি ও হাফিজ সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী ‘ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০’ নম্বরের একটি ট্রাক তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাফিজ।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান এবং ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

