সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।
মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে একটি ফেসবুক পেজকে বিবাদী করা হয়েছে। এছাড়া আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ এবং কাজী নুমি নামে চার ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় অবস্থানকালে মোহাম্মদ আজিজুর রহমান ফেসবুকে নিজের সম্পর্কে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামে একটি পেজ থেকে ওই পোস্টটি প্রকাশ করা হয়। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানালে কয়েকজন ব্যবহারকারী সেখানে আপত্তিকর মন্তব্য করেন।
বাদীর দাবি, এসব পোস্ট ও মন্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ অভিযোগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

