প্রশাসনিক অস্থিরতা ও বিপুল ঋণের চাপে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে কার্যত স্থবির হয়ে পড়েছে সৌদি আরবের অন্যতম জনপ্রিয় ক্লাব আল নাসর। নতুন মৌসুম সামনে থাকলেও এখন পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্লাবটি। এরই মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্লাবের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়েও।
সৌদি পত্রিকা আল-ইয়াওম এর বরাতে গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে কেবল আল-হাজম ও আল-রিয়াদের সঙ্গে আল নাসরও এখন পর্যন্ত কোনো নতুন খেলোয়াড় দলে টানতে পারেনি। যদিও গত কয়েক সপ্তাহে ইউরোপের একাধিক তারকা ফুটবলারের সঙ্গে ক্লাবটির নাম জড়িয়েছিল।
এই পরিস্থিতির অন্যতম কারণ ক্লাবের প্রশাসনিক সংকট। আল নাসরের সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ সম্প্রতি জানিয়েছেন, তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তা নবায়নের কোনো ইচ্ছা তার নেই। ফলে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব না নেওয়া পর্যন্ত ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যত স্থগিত রয়েছে।
প্রশাসনিক জটিলতার পাশাপাশি বড় ধরনের আর্থিক সংকটও দলবদলের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিপুল ঋণের বোঝার কারণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও একের পর এক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
এরই একটি উদাহরণ স্প্যানিশ মিডফিল্ডার ও মায়োর্কা তারকা সামু কস্তাকে ঘিরে। আল নাসরে যোগ দিতে তিনি সম্মতি দিলেও বর্তমান পরিস্থিতির কারণে সেই চুক্তি এখনও ঝুলে আছে। নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পরিবর্তে ক্লাব এখন অভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে মিডফিল্ডার আবদুল রহমান গারিবের চুক্তি নবায়ন নিয়েই বেশি মনোযোগ দিচ্ছে।
এদিকে ক্লাবের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্তুগিজ ফরোয়ার্ডের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক মৌসুম। নির্ধারিত সময়ের মধ্যে নতুন চুক্তি না হলে আগামী বছরের জুনে তিনি ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারবেন।
নতুন মৌসুমের আগে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে আল নাসর। গত মৌসুমে দলকে সৌদি প্রো লিগের শিরোপা জেতানো পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে বিদায় দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পোস্তেকগ্লুকে। তবে লিগ শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ফাইনালে হারের হতাশাও এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্লাবটি।
নতুন কোচের অধীনে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা থাকলেও দলবদলের বাজারে বর্তমান অচলাবস্থা সেই পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। প্রত্যাশিত তারকা ফুটবলারদের কাউকেই এখনও দলে ভেড়াতে না পারায় সমর্থকদের উদ্বেগও ক্রমেই বাড়ছে।

