নাটোরের নলডাঙ্গায় ৪০০ শালিক পাখি শিকার করে হত্যা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২০:০১

নাটোরের নলডাঙ্গায় ফাঁদ পেতে প্রায় ৪০০ শালিক পাখি শিকার ও হত্যার অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ। রোববার (২৬ জুলাই) রাতে রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) জাহিদুল ইসলাম বাদী হয়ে নলডাঙ্গা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এই অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় পরিবেশের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—উপজেলার হাটবিলা গ্রামের বিপ্লব তালুকদার (৩৫), মো. আশিক (২৪), মো. ইসলাম (২৬) এবং মো. সজীব (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই অভিযুক্তরা হাটবিলা বিলে ফাঁস জালসহ বিভিন্ন ফাঁদ ব্যবহার করে পাখিগুলো শিকার করেন। মূলত পাখির মাংস খাওয়ার উদ্দেশ্যেই এই অপরাধ সংঘটিত হয়। ঘটনাটি প্রথমে গোপন থাকলেও পরবর্তীতে পাখি শিকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি বন বিভাগের নজরে আসলে তারা তদন্ত শুরু করেন।

রাজশাহী সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সত্যতা নিশ্চিত হওয়ার পরই অভিযুক্তদের আইনের আওতায় আনতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহারে তিনি আরও উল্লেখ করেন, পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্ষতিকর পোকা দমন এবং উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএম